
আরিফুল ইসলাম ফারহান
নোয়াখালীর সুবর্ণচরের বিস্তীর্ণ চরাঞ্চলে এখন মাঠজুড়ে তরমুজের সমারোহ। মৌসুমের শুরুতেই ভালো দামের আশায় কৃষকরা তরমুজ বাজারে তুলতে শুরু করেছেন। লাভজনক এই ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষকরা, পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় অর্থনীতিতেও। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে সুবর্ণচরের তরমুজের বাজার প্রায় ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
শস্যভাণ্ডার হিসেবে পরিচিত সুবর্ণচর উপজেলায় সাম্প্রতিক বছরগুলোতে অর্থকরী ফসল হিসেবে তরমুজ চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। উপজেলার অনাবাদী চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে এখন সবুজ লতায় ঝুলছে রসালো তরমুজ। রমজান মাসকে সামনে রেখে চলছে তরমুজ সংগ্রহ ও বাজারজাতের কার্যক্রম। অনুকূল আবহাওয়া এবং কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে চলতি মৌসুমে আবাদ ও উৎপাদন—দুটোই বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলার মূল ভূখণ্ডে প্রায় ৯০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। পাশাপাশি চর গাসিয়া, ইসলাম চর, স্বর্ণদ্বীপসহ নতুন জেগে ওঠা বিভিন্ন চরাঞ্চলেও ব্যাপকভাবে তরমুজ চাষ করা হয়েছে। এসব মাঠজুড়ে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলালিংক, ব্ল্যাক বেরি, ভিক্টর সুগার ও ওশান সুগারসহ বিভিন্ন উচ্চফলনশীল দেশি-বিদেশি জাতের তরমুজ চাষ করতে দেখা যাচ্ছে।
স্থানীয় কৃষকদের মতে, সুবর্ণচর ও আশপাশের চরাঞ্চলের বেলে-দোঁআশ মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফলে প্রতি বছরই বাড়ছে আবাদ। কম সময়ে ভালো লাভ হওয়ায় অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে তরমুজ চাষে ঝুঁকছেন।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, সুবর্ণচর ও পার্শ্ববর্তী নতুন জেগে ওঠা চরে চলতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মূল ভূখণ্ডে তরমুজ সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। তরমুজ বিক্রির মাধ্যমে এলাকার কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সচল হচ্ছে। কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করছে।