মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা জেলা পুলিশ।
আজ ২৬শে মার্চ, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যার মাধ্যমে সূচনা হয় মহান মুক্তিযুদ্ধের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
এই মহান দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সাইফুল মালিকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় কুমিল্লা জেলা পুলিশ স্মরণ করেছে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের।
এই দিনটি জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের এক অনন্য প্রতীক হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।