শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের দাবি - নব সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের দাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার পক্ষে পাঠানো এক আইনি চিঠিতে বিচারপ্রক্রিয়া ও রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

গত ৩০ মার্চ লন্ডনভিত্তিক প্রখ্যাত আইন সংস্থা Kingsley Napley LLP বাংলাদেশে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর ই-মেইলের মাধ্যমে এই চিঠি পাঠায়।

তবে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন অফিস বা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কেউই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক ন্যায্য বিচার মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অভিযোগ ও প্রমাণ সম্পর্কে অবহিত হওয়া এবং নিজ পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়েছে। চিঠিতে বলা হয়, বিচারকদের নিয়োগে স্বচ্ছতার অভাব, রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিচার চলাকালে পক্ষপাতমূলক মন্তব্য বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে প্রধান কৌঁসুলির বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার প্রসারিত করে ২০২৪ সালের ঘটনাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মূল আইনের উদ্দেশ্যের বাইরে এবং আইনের ভূতাপেক্ষ প্রয়োগের শামিল। এ ধরনের অভিযোগ সাধারণ ফৌজদারি আদালতেই বিচার হওয়া উচিত ছিল বলেও দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়, এই বিচারপ্রক্রিয়ায় ন্যায্য বিচার, সাক্ষ্য-প্রমাণ যাচাই এবং প্রতিরক্ষার সুযোগসহ একাধিক মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এমনকি এই ধরনের বিচারের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ‘সামারি এক্সিকিউশন’ হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করা হয়।

চিঠিতে ট্রাইব্যুনালের রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর না করা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে ভবিষ্যতে বিচার পরিচালনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইনজীবী ও ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

আইনি প্রতিনিধিরা এ বিষয়ে ১৪ দিনের মধ্যে ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া চেয়েছেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন।