
মোঃ আরিফুল ইসলাম ফারহান :-
ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগে মাস্টার্স সেশন ২০২২–২০২৩-এর ভাইভা পরীক্ষায় নম্বর প্রদানের ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসোসিয়েট প্রোফেসর ড. আজরান আজমী কাফিয়া–এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে কিছু শিক্ষার্থীদের কম নম্বর দিয়েছেন; তার মধ্যে একজন টপার শিক্ষার্থীকেও ভাইভা পরীক্ষায় তুলনামূলকভাবে অস্বাভাবিকভাবে সর্বনিম্ন নম্বর প্রদান করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, উক্ত শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষায় ডিস্টিংকশন অর্জনকারী, উপস্থাপনায় দক্ষ, একাডেমিক পারফরম্যান্সে শীর্ষস্থানীয় এবং ব্যাচের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ও পারদর্শী ছিলেন। পূর্ববর্তী ভাইভা পরীক্ষাগুলোতেও তার ফলাফল ধারাবাহিকভাবে ভালো ছিল।
শিক্ষার্থীদের অভিযোগে আরও বলা হয়, ভাইভা বোর্ড চলাকালীন হঠাৎ একটি সিদ্ধান্তের মাধ্যমে বোর্ড বিভক্ত করা হয় এবং দুইটি আলাদা কক্ষে ভাইভা নেওয়া শুরু হয়—যা কয়েকজন শিক্ষার্থীর ভাইভা হওয়ার ঠিক আগমুহূর্তে কার্যকর করা হয়। ভাইভাতে সম্পুর্ন প্রসেস না মানার অভিযোগও এতে রয়েছে। ওই সময়ে ভাইভায় মাত্র এক থেকে দুইটি প্রশ্ন করা হয়, যা মৌলিক প্রকৃতির ছিল এবং অধিকাংশ শিক্ষার্থীর কাছেই পরিচিত। অভিযোগকারীদের দাবি, ভুক্তভোগী শিক্ষার্থী প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত স্পষ্ট, শাণিত ও একাডেমিকভাবে সঠিকভাবে প্রদান করেন; প্রাসঙ্গিক সংজ্ঞা ও তাত্ত্বিক ব্যাখ্যা যথাযথভাবে উপস্থাপন করা সত্ত্বেও তাকে প্রত্যাশিত মূল্যায়নের পরিবর্তে অস্বাভাবিকভাবে সর্বনিম্ন নম্বর দেওয়া হয়।
উক্ত কক্ষে ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সভাপতি দিলশাদ সুরমা এবং এসোসিয়েট প্রোফেসর ড. আজরান আজমী কাফিয়া। অভিযোগকারীদের মতে, এই পরিস্থিতিতে নম্বর প্রদানের স্বচ্ছতা ও নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়া ইংরেজি বিভাগের পরীক্ষা কমিটির মধ্যে এমন অন্যায়ের বিষয়ে বিতর্ক ও মতপার্থক্য চলমান থাকায় ফলাফল প্রকাশেও বিলম্ব হচ্ছে।
এছাড়া এসোসিয়েট প্রোফেসর ড. আজরান আজমী কাফিয়া–এর বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে আক্রমণ এবং ব্যক্তিগত প্রয়োজনে উপযোগী শিক্ষার্থীদেরকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগও উত্থাপিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এসব ঘটনার সামগ্রিক ধরণে এক ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন দেখা যায়—যেখানে ক্ষমতা ব্যবহার করে ভিন্নমত দমন, ভয় ও চাপের পরিবেশ তৈরি করা হয় এবং মেধাভিত্তিক মূল্যায়ন উপেক্ষিত হয়।
উক্ত পরিস্থিতি ও অভিযোগের প্রেক্ষাপটে ইংরেজি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ড. শাহাদাত হোসেন আজাদ এবং পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এসোসিয়েট প্রোফেসর দিলশাদ সুরমা এবং কমিটির অন্য সদস্যরা হলো ড. সাজ্জাদ জাহিদ ও ড. শারমিন সুলতানা।
সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগের একাডেমিক মূল্যায়ন ব্যবস্থায় ন্যায়বিচার ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।