
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার ভেতরে ঢুকে এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার কম্পাউন্ডে।
গ্রেপ্তারকৃত বাদল চৌদ্দগ্রাম থানাধীন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম, তিনি চৌদ্দগ্রাম থানায় কর্মরত কনস্টেবল।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরের বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ না করতে নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুরেও বাদল একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে।
এ সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে পুনরায় গরু নিয়ে থানায় প্রবেশে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে শরিফুল ইসলামের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে থানায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাদলকে আটক করে। আহত পুলিশ সদস্য শরিফুল ইসলামকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার হোসেন বলেন, “বাদল গত কয়েক বছর ধরে থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে আসছিল। গরু থানার আশপাশের গাছপালা নষ্ট করায় তাকে বারবার নিষেধ করা হলেও সে তা মানেনি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল ফটক দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে আঘাত করে।”
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়।