
সাইফুল ইসলাম তুহিন
ভাসান চরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বাংলাদেশ হাইকোর্ট রুল জারি করেছেন।
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে শুনানি শেষে আদালত জানতে চান—ভূমি মন্ত্রণালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের ৫ নম্বর অফিস স্মারকটি কেন বেআইনি ও অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ বিষয়ে জবাব দিতে নোটিশ প্রদান করা হয়েছে।
জানা যায়, ভাসান চর-কে প্রশাসনিকভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে উক্ত স্মারক জারি করা হয়। এর বিরুদ্ধে হাতিয়া দ্বীপ সমিতি-র পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোঃ সাজ্জদ হোসেন (বাবু) এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোঃ শফিকুর রহমান।
এদিকে, হাতিয়া-র বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাইকোর্টের এ আদেশকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, ভাসান চর সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ বাস্তব পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় ন্যায্য সিদ্ধান্তে পৌঁছাতে সহায়ক হবে।
উল্লেখ্য, হাতিয়ার অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ সংযোগ, নদী ভাঙন প্রতিরোধ, ফেরি সার্ভিস চালু এবং নৌপথে দুর্ভোগ লাঘবের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দ্বীপ সমিতি। বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমন্বিত ও কার্যকর নেতৃত্বের অভাবে হাতিয়ার স্বার্থ অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে। ফলে পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রশাসনিক জটিলতা ও বিরোধেরও সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক ভাসান চর ইস্যুতে নীতিনির্ধারণী পর্যায়ের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের মতে, মাঠপর্যায়ের বাস্তবতা ও জনগণের মতামত যথাযথভাবে বিবেচনায় না এনে এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে, যা এখন আদালতের নজরে এসেছে।
হাতিয়ার সচেতন মহল দ্বীপের স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।