
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক, ফুটপাত ও অলিগলিতে গড়ে ওঠা খাবারের দোকানগুলোকেও এবার সরকারি নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নতুন বিধিমালা জারি করেছে, যার আওতায় স্ট্রিট ফুড বিক্রেতা থেকে শুরু করে ছোট-বড় রেস্টুরেন্ট, খাদ্য আমদানিকারক ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—সবার জন্য নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, খাবারের ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন ও লাইসেন্স নিতে হবে। এর ফলে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকা হাজার হাজার ভ্রাম্যমাণ ও অস্থায়ী খাবারের দোকানও সরকারি নজরদারির আওতায় আসবে।
বাংলাদেশে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অসংখ্য খাবারের দোকানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ খাবার গ্রহণ করেন। তবে এসব দোকানের সংখ্যা, খাদ্যের মান, ব্যবহৃত উপকরণ কিংবা স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এতদিন ছিল না। অনেক দোকানেই ফুটপাতে চুলা বসিয়ে রান্না করে খাবার বিক্রি করা হয়, যা খাদ্য নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারী বলেন, টং দোকানসহ স্ট্রিট ফুড বিক্রেতাদের ব্যবহৃত উপকরণ, প্রস্তুত প্রণালি ও স্বাস্থ্যবিধি নিয়ে বহু প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, “বিধিমালাটি হওয়ার ফলে এসব প্রতিষ্ঠান একটি কাঠামোর মধ্যে আসবে। তবে বাস্তবে খাদ্যের নিরাপত্তা যাচাই করার সক্ষমতা সরকার কতটা তৈরি করতে পারবে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।”
অন্যদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এই উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে বলেন, নতুন বিধিমালার মাধ্যমে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় এনে পর্যায়ক্রমে তাদের খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি তদারকি করা সম্ভব হবে।
তার ভাষায়, “একদিনে সব পরিবর্তন সম্ভব নয়। তবে লাইসেন্সিংয়ের মাধ্যমে ধাপে ধাপে স্ট্রিট ফুড ব্যবসাকে নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যাবে।”
তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হাসান দাবি করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিধিমালাটি করা হয়েছে। তার আশঙ্কা, এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার চেয়ে লাইসেন্সনির্ভর প্রশাসনিক জটিলতা ও অতিরিক্ত ব্যয় বাড়ার সম্ভাবনাই বেশি।
নতুন এই বিধিমালা কার্যকর হলে দেশের খাদ্য ব্যবসা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এর সফল বাস্তবায়নের জন্য কার্যকর তদারকি, স্বচ্ছ লাইসেন্সিং ব্যবস্থা এবং নিয়মিত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।