
মোঃ আরিফুল ইসলাম ফারহান
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও স্থানীয় পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার এবং হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে মাদক ক্রয়-বিক্রয় করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মাদকদ্রব্যসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে হাতিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।