চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৫৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক - নব সংবাদ

চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৫৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৬, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার (৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান (পিতা: ইদু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি পাড়া গ্রামের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।