দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি নির্মাণের পারিশ্রমিক ও পারিবারিক রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর এলাকায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুজ্জামান আলো মিয়া (৩৫) ও তাঁর ভাই আসাদুজ্জামান (৩২)। তাঁদের বাড়ি পার্বতীপুর উপজেলার সোনাপুকুর নয়া মোল্লাপাড়া গ্রামে। ঘটনার পরপরই আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান আলো মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব এবং শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে কাঠমিস্ত্রি ফরতাজ হোসেনের সঙ্গে আজিজুল হকের ছেলে আল-রোমানের বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও আল-রোমানের পরিবারের সঙ্গে আশিকুজ্জামান আলো মিয়া ও তাঁর ভাই আসাদুজ্জামানের বিরোধ ছিল।
গত ২৫ অক্টোবর দুপুরে ফরতাজ হোসেন, আশিকুজ্জামান আলো মিয়া ও আসাদুজ্জামান আল-রোমানদের বাড়িতে যান। সেখানে আল-রোমানের মা রোমানা আক্তারের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এ সময় মনোরঞ্জন রায়ের ওপর হামলা চালানো হয়। তাঁকে সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করেও মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি পাশের একটি ধানখেতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পার্বতীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, প্রায় ১৩ বছর আগে প্রয়াত শিক্ষক আজিজুল হকের মৃত্যুর পর তাঁর পরিবারের দেখাশোনা করতেন মনোরঞ্জন রায়। আজিজুল হকের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল।
ঘটনার খবর পেয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনা অনুযায়ী জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আইনের আওতায় আনার পাশাপাশি অন্য কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: পুলিশি তথ্য ও প্রাথমিক তদন্ত।