চাঁদাবাজির চাপে দেশছাড়া ব্যবসায়ী আজাদ মাসুম, ফেসবুকে ক্ষোভ প্রকাশ। - নব সংবাদ

চাঁদাবাজির চাপে দেশছাড়া ব্যবসায়ী আজাদ মাসুম, ফেসবুকে ক্ষোভ প্রকাশ।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

(কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা ব্যবসায়ী আজাদ মাসুম চাঁদাবাজির চাপে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন—এমন অভিযোগ উঠে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, আজাদ মাসুম দীর্ঘদিন খোশবাস বাজারে স্কুলের সামনে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি অতীতে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের খোশবাস ইউনিয়ন শাখার সভাপতি  ছিলেন। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন না। রাজনীতির পাশাপাশি তিনি মূলত নিজের ব্যবসাতেই মনোযোগী ছিলেন।
সূত্র বলছে, গত ৫ আগস্টের পর একটি মহলের কুনজর পড়ে তার ব্যবসার ওপর। একপর্যায়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাপের মুখে চাঁদা দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়।
দেশ ছাড়ার প্রেক্ষাপটে আজাদ মাসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন—
“আমাদের বাপ-দাদা আওয়ামী লীগ করতো। আমরাও জয় বাংলার লোক। যদি নীতি পরিবর্তন করতে পারতাম, তাহলে চাঁদা দিতে হতো না, দেশও ছাড়তে হতো না… রাজনীতি ফায়দা হাসিলের চেষ্টা ভালো না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দেখা হবে আবার ইনশাআল্লাহ।”
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, চাঁদাবাজির কারণে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেশ ছাড়তে বাধ্য হলে সেটি এলাকার জন্য অশনিসংকেত।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের বক্তব্য পাওয়া যায়নি।