কমিটি নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ - নব সংবাদ

কমিটি নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৬

অনলাইন ডেক্স

পাবনার সাঁথিয়া উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবা শেষে আকস্মিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন নাগডেমড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম পাপ্পু। তিনি নিজেকে সাধারণ সম্পাদক এবং নাজিমুদ্দিন সাগরকে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করলে উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পূর্বের কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম নতুন কমিটির বিভিন্ন ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন। এতে শফিকুল ইসলামের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে সাদ্দাম (৩৫) নামে সাবেক কমিটির এক সমর্থককে মসজিদ থেকে টেনে বের করে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সুমন (৩০), রাসেল, জাকারিয়া ও শফিকুল ইসলাম পাপ্পুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী শফিকুল ইসলাম পাপ্পুকে মসজিদের ভেতরে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় সাবেক কমিটির সভাপতির ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, নতুন কমিটির পক্ষে আমিনুল ফকির দাবি করেন, কমিটি আগেই গঠন করা ছিল এবং শুক্রবার শুধু ঘোষণা দেওয়ার সময় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, এটি কোনো দলীয় কোন্দল নয়, বরং সম্পূর্ণ স্থানীয় একটি সমস্যা। মসজিদ কমিটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষ চাইলে দ্রুত সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।