
মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম মডেল থানার জুগিরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি গ্রামের আলী আশরাফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১১ আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে শত শত অপরাধী, মাদক কারবারি, সন্ত্রাসী ও মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।